সীতাকুন্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। একই ঘটনায় কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিএসবিআরএ’র তরফে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
আজ শুক্রবার বিকেল ৩টা ৫৭ মিনিটে বিএসআরবি’র মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ সংক্রান্ত স্টপ অপারেশন অর্ডার (এসওও) জারি করেন।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদকে পাঠানো ওই আদেশে, গ্যাস-সংযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আজ পর্যন্ত সাতজনের প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করা হয়। তবে বাস্তবে এই প্রাণহানির সংখ্যা আরও বেশি। সর্বশেষ খবর অনুযায়ী, গ্যাস বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে।
বিএসআরবি’র মহাপরিচালক শফিউল আলম তালুকদার জানান, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ওই ইয়ার্ডে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা এবং আদেশ বাস্তবায়নে জোর দেওয়া হয়।
তবে আদেশে সাতজনের প্রাণহানির কথা বলা হলেও, ঘটনা কোথায় ও কীভাবে ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে এর সুনির্দিষ্ট সম্পৃক্ততা কী, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেক শ্রমিকের পরিবারকেই সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাপ্টেন মোহাম্মদ এনামকে প্রধান করে বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
তথ্যমতে, বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডগুলোর অনুমোদন, নিরাপত্তা, পরিবেশগত মান এবং সংশ্লিষ্ট নিয়মকানুন বাস্তবায়নের সঙ্গে যুক্ত।