https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুলসহ আ’লীগের ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন পরিকল্পনা বিভাগের সাবেক সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। তিনি ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব হন।

এক সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। অবসরের পর সাহিত্য ও সংগীতচর্চায় যুক্ত ছিলেন তিনি। প্রকাশিত হয়েছে তার লেখা একাধিক বই এবং নিজের লেখা গানের অডিও সিডিও।ডিএমপির তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি ও সংগঠন বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের সঙ্গেই গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা রয়েছে।

এই মামলার সূত্রপাত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত একটি আলোচনা সভা থেকে। ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে ও আরও ১৫ জনকে পুলিশ হেফাজতে নেয়। এরপর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় লতিফ সিদ্দিকীসহ সবাইকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই মামলায় একদিন আগে আরেক সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়। তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশ নিতেন।

পুলিশ জানায়, আবু আলম শহীদ খানও ওই সভায় উপস্থিত ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী ও আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের তথ্য পাওয়ার ভিত্তিতে এই গ্রেফতার।

আরো..