https://www.a1news24.com
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২১

সরকারি গুদামের জায়গায় পেট্রোল পাম্প স্থাপন, বন্ধ করলেন ইউএনও

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ সরকারি গুদামের খালি জায়গার লিজ চুক্তির শর্ত ভঙ্গ করে কিছু অংশ তৃতীয় পক্ষের কাছে নিয়মবহির্ভূত জ্বালানি তেলের পাম্প স্থাপনের কাজে ভাড়া দেওয়ায় তা বন্ধ করে দিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারে প্রায় তিন একরের বিএডিসির একটি গুদাম সময়ের সঙ্গে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কর্তৃপক্ষ গুদামটি বিভিন্ন সময় তিন বছর মেয়াদে ব্যক্তিগত লিজ দিয়ে থাকে। গত বছর গুদামটির লিজ নেন মো. ইমরান উদ্দিন।

মো. ইমরান উদ্দিন হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। তিনি পৌরসভা এনসিপির সদস্য।
অভিযোগ রয়েছে, লিজ গ্রহণের পর ইমরান উদ্দিন গুদামের জায়গার প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে বিক্রি করে ফেলেন। এছাড়া গুদামের বিভিন্ন অংশে পড়ে থাকা রড, লোহা-লক্কড় বিক্রি এবং জমি থেকে বালি-মাটি কেটে পাওয়ার ট্রলি প্রতি প্রায় দুই হাজার ২০০ টাকা দরে তা বিক্রি করেন।

এছাড়াও লিজ চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামের খালি জায়গার একটি অংশ মাসিক ১০ হাজার টাকায় স্থানীয় বাবুল নামে এক ব্যক্তির কাছে জ্বালানি তেলের পাম্প স্থাপনের জন্য ভাড়া দেওয়া হয়েছে, যা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, পাম্প স্থাপনের বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি। স¤প্রতি তিনি পাম্পটি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এর কার্যক্রম বন্ধ করে দেন। জায়গা সংক্রান্ত বিষয়ে বিএডিসির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, ইমরান উদ্দিন অতীতেও বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি রাজনৈতিক পরিচিতির প্রভাব ব্যবহার করছেন। ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগকারীরা দাবি করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে মো. ইমরান উদ্দিন বলেন, আমি বৈধভাবে গুদামটি লিজ নিয়েছি। লিজ গ্রহীতা হিসেবে জায়গা ব্যবহার বা ভাড়া দেওয়ার অধিকার আমার রয়েছে। গাছ কাটা কিংবা অন্য যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, আমি এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদ প্রার্থী। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

লিজ নেওয়া সরকারি গুদাম পুনরায় অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া বৈধ কি না জানতে চাইলে নোয়াখালী জেলা বিএডিসির সার-বীজ শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, লিজ গ্রহীতা কোনোভাবেই গুদাম বা এর কোনো অংশ অন্য কারও কাছে ভাড়া দিতে পারেন না। আমরা বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নিব।

আরো..