https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সুদৃঢ় করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজাহারুল ইসলাম এবং বিদ্যালয়ের দাতা সদস্য আজিজুল হক সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর জাসাসের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শাহাবুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো..