https://www.a1news24.com
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮

শুরু ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৭ম আসরের নিবন্ধন

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষাজ্ঞান ও ভাষাপ্রেম ছড়িয়ে দিতে আবারও শুরু হলো দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশনভিত্তিক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। গত শনিবার (২৭ জুন) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটির সপ্তম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই দিন থেকে নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে গত ছয় আসরের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। এতে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। উপস্থিত ছিলেন ইস্পাহানি গোষ্ঠীর পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক লেখক আনিসুল হক, অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, উপমহাব্যবস্থাপক ফজলে রাব্বীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলাবিদ’ এখন দেশের মানুষের আপন একটি আয়োজন। গত আসরে প্রায় দুই লাখ প্রতিযোগী নিবন্ধন করেছিলেন, যা এ প্রতিযোগিতার জনপ্রিয়তারই প্রমাণ। তিনি জানান, এই মঞ্চ থেকে উঠে আসা অনেক প্রতিযোগী বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করা এ আয়োজনটি করোনাভাইরাস মহামারি ও জাতীয় নির্বাচনের কারণে কয়েক বছর আয়োজন করা সম্ভব হয়নি। তবু বাংলা ভাষাকেন্দ্রিক একটি প্রতিযোগিতা যে দেশের সবচেয়ে বড় বাস্তবধর্মী প্রতিযোগিতায় পরিণত হবে, তা শুরুতে কল্পনাও করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ৩০ জুলাই পর্যন্ত নিবন্ধনের পর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত ৮০ জন প্রতিযোগীকে নিয়ে রাজধানীতে মূল পর্বের আয়োজন করা হবে, যা সম্প্রচার করবে চ্যানেল আই। আগামী বছরের ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তম আসরের মহাউৎসব।

অনুষ্ঠানে ওমর হান্নান প্রতিযোগিতার নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ সংগঠক ইবনে হাসান খান ও তাহের শিপনের অবদানের কথাও তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিচারক আনিসুল হক বলেন, দেশের টেলিভিশন অঙ্গনের সবচেয়ে সুন্দর, প্রাণবন্ত ও উপকারী আয়োজনগুলোর মধ্যে ‘বাংলাবিদ’ অন্যতম। অন্যদিকে ত্রপা মজুমদার বলেন, ভাষাকে কেন্দ্র করে মানুষের এমন আগ্রহ ও উদ্দীপনাই এই প্রতিযোগিতার সবচেয়ে বড় শক্তি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সপ্তম আসরে অংশ নিতে আগ্রহীরা শনিবার থেকেই নিবন্ধন করতে পারবেন। দেশের সব বিভাগ ও অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার তথ্য পৌঁছে দিতে কাজ করবেন ‘বাংলাবিদ’-এর স্বেচ্ছাসেবীরা। নিবন্ধন ও প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক, চ্যানেল আইয়ের পর্দা এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় জানা যাবে।

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও নতুন প্রজন্মের ভাষাজ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় এবারও সারা দেশ থেকে বিপুলসংখ্যক ভাষাপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণ হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আরো..