https://www.a1news24.com
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৮

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার শর্তে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জবাবদিহিতার দাবিতে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাসের পর অনশন ভাঙেন তিনি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতের পর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে পানি পান করিয়ে অনশন ভাঙান দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে ওয়াংচুক বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জীতেন্দ্র সিং এবং লেহ লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলাম।

তিনি আরও জানান, ‘বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করে’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোন শর্তে তিনি অনশন ভেঙেছেন তা একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করবেন বলেও জানান। একসঙ্গে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের সহিংসতা হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশ্নফাঁস কাণ্ডে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে রাজধানীর যন্তর মন্তরে আন্দোলনে নামা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন অনশনে শুরু করেন সোনম ওয়াংচুক।

এ নিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সোনম ওয়াংচুক অনশন ভাঙায় তিনি ‘স্বস্তি ও কৃতজ্ঞ বোধ করছেন’। তাঁর সাহস ও ত্যাগের জন্য ধন্যবাদ জানিয়ে দীপকে যোগ করেন, ‘নিজের জীবন বাজি রেখে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’

তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি এখনো অনড় রয়েছে।মেদান্ত হাসপাতালে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সময়ের ভিডিওতে দেখা যায়, তাঁর পাশে দাঁড়িয়ে আছেন মন্ত্রী নাড্ডা ও জীতেন্দ্র সিং।

এ সময় মন্ত্রী নাড্ডাকে ভারত সরকারের প্রতিশ্রুতিগুলো পড়ে শোনাতে দেখা যায়। তিনি বলেন, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক। সরকার ইতোমধ্যে সংসদে আলোচনার মাধ্যমে প্রশ্ন ফাঁস রোধ এবং পরীক্ষার জন্য শিক্ষাসংক্রান্ত সংস্কারের সমাধান খোঁজার আশ্বাস দিয়েছে। এ ছাড়া সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের শিকার হয়ে যারা আত্মহত্যা করেছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

এর আগে প্রশ্নফাঁস ইস্যুতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়ার পাশাপাশি এই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন।

এদিকে, সোনম অনশন ভাঙার পর নরেন্দ্র মোদি এক পোস্টে বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে যথাসম্ভব দ্রুত আগের ওজন ও স্বাস্থ্য ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। সোনমজি যেন সুস্থ থাকেন, আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি।’

দীর্ঘ অনশনের কারণে সোনমের স্বাস্থ্য ভেঙে পড়েছে। সর্বশেষ স্বাস্থ্য বিবরণী অনুযায়ী, এই দীর্ঘ অনশনের সময় তাঁর ওজন অন্তত ১১ কেজি কমেছে।

এর মধ্যে গত শনিবার তাঁকে আন্দোলনের স্থান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। এরপর তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং সরকারি হাসপাতালে অবহেলার অভিযোগ তোলেন। পরে আদালত তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেন।

সোনম ওয়াংচুকের অনশনে বসা এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার অনশনে বসেছেন তিনি। ২০২৪ সালে লাদাখের প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় আইনি অধিকারের দাবিতে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় টানা ২১ দিন শুধু পানি ও লবণ খেয়ে খোলা আকাশের নিচে কাটিয়েছিলেন তিনি।

গত বছর লাদাখের পূর্ণাঙ্গ রাজ্য ও ষষ্ঠ তফসিল অর্ন্তভুক্তির আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর স্ট্রিংজেন্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে প্রায় ছয় মাস বন্দি ছিলেন তিনি।

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটির পেছনে সোনম ওয়াংচুকের শিক্ষামূলক দর্শন এক বিশাল অনুপ্রেরণা বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। অধিকারকর্মীর পাশাপাশি এ কারণেও দেশটিতে জনপ্রিয় তিনি।

আরো..