https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে।এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরাইলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি।বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে ইসরাইল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে, এই যুদ্ধবিরতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ইসরাইলে। জাফাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে বলেন, এই চুক্তি ইসরাইলি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, অনেক ইসরাইলি মনে করছেন, ট্রাম্পের চাপেই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেলআবিব।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার ১৯৬ জন নিহত এবং ৭ হাজার ১৮৫ জন আহত হয়েছেন।সূত্র: আল–জাজিরা

আরো..