https://www.a1news24.com
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজারেরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

এসব উপাসনালয়ে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এই সুবিধার আওতাভুক্ত হবেন। জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্দা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার ইমাম, পুরোহিত, অধ্যক্ষ, যাজক, মুয়াজ্জিন, সেবাইত ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ও কল্যাণ ব্যবস্থা চালুর রূপরেখা চূড়ান্ত করা হয়।

নির্বাচিত মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকরা প্রত্যেকে মাসিক ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমরা ২ হাজার টাকা করে সম্মানী পাবেন।

এই অর্থ সরাসরি ইএফটির মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের জন্য চলতি অর্থবছরে বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরো..