বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মে) দুপুরে রামপাল উপজেলার কাঁস্টবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আহতরা হলেন, কামরুল শেখ, কাওছার হাওলাদার, চম্পা বেগম, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার ।
অভিযোগকারী মো. ইকরামুল শেখ জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করা হয়।
হামলায় ইকরামুল শেখের ভাই গুরুতর আহত হন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগে চারটি সেলাই দিতে হয়েছে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নারী ও শিশুদেরও মারধর করে এবং ঘরে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ইকরামুল শেখ রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।##