রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের মল্লিকবাড়ির সামনের খালের ওপর নির্মিত প্রায় ২৫ বছর আগের একটি আয়রন ব্রিজ পাঁচ বছর আগে ভেঙে পড়লেও সংস্কার হয়নি এখনো। এতে জীবনের ঝুঁকি নিয়ে সুপারি গাছের অস্থায়ী সাঁকো দিয়ে পারাপার করছেন শতাধিক পরিবার ও আশপাশের সহস্রাধিক মানুষ।
সরেজমিন দেখা গেছে, লোহার স্ট্রাকচারের ওপর স্লাব বসিয়ে নির্মিত ব্রিজটির বেশিরভাগ অংশ খালে ধসে পড়েছে। স্লাব ও রেলিং নেই বললেই চলে; মরিচা ধরা কাঠামো কঙ্কালসার অবস্থায় পড়ে আছে। ভাঙা অংশে সুপারি গাছ দিয়ে নড়বড়ে সংযোগ তৈরি করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।স্থানীয়ভাবে এটি ঘাটলাবাড়ির ব্রিজ নামেও পরিচিত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ব্রিজ সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেকোনো মুহূর্তে ব্রিজ টি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ ব্রিজ দিয়ে প্রতিদিন আফাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এস এম আলম মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫ নম্বর বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে বর্ষাকালে এই ব্রীজ হয়ে ওঠে মরন ফাঁদ। এই ব্রীজ দিয়ে যাতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারেও দ্রুত ব্রিজের সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা অভিজিৎ মজুমদার জানান, ব্রিজটি এলজিইডির নির্মিত নয়; স্থানীয় উদ্যোগে তৈরি হওয়ায় সংস্কারের দায়িত্বও স্থানীয়দের।