https://www.a1news24.com
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

যুদ্ধবিরতি অনিশ্চয়তা: যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২.৭০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ক্রুড অয়েলের দামও প্রায় ৯৭ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের যুদ্ধজাহাজ উপসাগর ছাড়ার সময় ইরান ‘উসকানিমূলক’ হামলা চালিয়েছে। অভিযোগ, এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয়েছে। তবে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

ইরানের সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, পাল্টা জবাবে মার্কিন যুদ্ধজাহাজেও ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ হয়েছে। যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। গত ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছিলেন শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তিনি পরিস্থিতিকে ‘ছোটখাটো আঘাত’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে সতর্ক করেছেন, ইরান সমঝোতায় না এলে পুনরায় হামলার মুখে পড়তে পারে।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালির মধ্য দিয়ে যায়। তাই এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

আরো..