https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯

যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে পারমাণবিক জ্বালানি ও এফ-৩৫ বিক্রির চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) সফরকালে মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং অত্যাধুনিক এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানিসংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির বিস্তার রোধ-সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সংগতি রেখে কয়েক দশকের জন্য শতকোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন, যার মধ্যে ভবিষ্যতে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি-সংক্রান্ত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। যুবরাজ বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করা হচ্ছে।সূত্র: এএফপি

আরো..