https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২

মোরেলগঞ্জে শিক্ষকের জমি দখল ও হয়রানির অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত এক শিক্ষক পরিবারের জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে। এঘটনায় ভূক্তভোগী পরিবার বিচারের দাবী জানিয়ে স্থানীয় সংসদ সদস্য বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা কমল কৃষ্ণ সূতার ২০০৩ সালে ৪০শতক জমি ক্রয় করে শান্তি প্রিয়ভাবে ভোগদখল করে আসছে। পরবর্তীতে ওই জমি দখলের জন্য এলাকার একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠে পড়ে। শিক্ষককে একেরপর এক হয়রানী করে। জমি থেকে তাকে বিতাড়িত করার জন্য নকল কাগজপত্র সৃষ্টি করে ২০০৯সালের তৎকালীন ক্ষমতাসীন দলের ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে জোরপূর্বক শিক্ষক কমল কৃষ্ণ সূতারের ৩০শতক জমি দখল করে নেয় এলাকার প্রভাবশালী এ মহলটি। পরবর্তীতে ভূক্তভোগী উক্ত শিক্ষক জমি ফেরত ও বিচারের দাবী জনিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে কোন সূরাহা পায়নি। নিরুপায় হয়ে বাগেরহাট বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি চলমান অবস্থায় থাকায় অবশিষ্ট ভোগ দখলীয় ১০শতক জমিতে বসতবাড়ীতে তিনি বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকেও তাকে উচ্ছেদের জন্য প্রতিবেশী একই গ্রামের জাকির হোসেন খান, হাসেম আলী শেখ ও মাহাবুব শেখ এ চক্রটি শিক্ষকের রোপনকৃত গাছ বিক্রয়ে বাধা সৃষ্টি করে ্একেরপর এক নানাভাবে হয়রানি করে আসছে বলে ভূক্তভোগী শিক্ষক পরিবার জানান।

ভূক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক কমল কৃষ্ণ সূতার জানান, বিগত আওয়ামীলীগের আমলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এমহলটি আমার জমি দখল করে নিয়েছে। কোথাও বিচার পাইনি। এখন আবার নতুন করে নিজের বসতবাড়ীর ভিটার আমার রোপনকৃত গাছ আমি বিক্রয় করেছি সেখানেও বাধা। যাবো কোথায়? ক্ষমতার পালাবদল হলেও ক্ষমতাসীনদের ম্যানেজ করে ফেলে এ প্রভাবশালী দখলদার মহল। এঘটনায় তিনি জাকির হোসেন খানকে প্রধান করে ৩জনের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষক তার বেদখলকৃত জমি ফেরতসহ ন্যায় বিচারের দাবী জানান।

এ বিষয়ে জাকির হোসেন খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ১৫কাঠা জমি পূর্বের মালিক সাবিত্রী রানীর কাছ থেকে ক্রয় করে ৮কাঠা বিক্রয় করে বাকী ৭কাঠাকে ভোগ দখলে রয়েছেন। এনিয়ে আদালতে একটি মামলাও চলছে। তিনি কারও জমি দখল করেনি কাাউকে হয়রানীও করছেনা।

আরো..