https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৭

মোংলায় অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে জয়মনি এলাকায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলা কোস্ট গার্ড বেইসের ব্যবস্থাপনায় জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত জয়মনি গ্রামের ২২১ জন অসহায়, দরিদ্র ও দুস্থ নারী-পুরুষ এবং শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এলাকাটি মূলত মৎস্যজীবী ও দিনমজুর অধ্যুষিত হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। ফলে কোস্ট গার্ডের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

স্থানীয়রা কোস্ট গার্ডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম উপকূলীয় অঞ্চলে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

আরো..