নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই প্রাচীন সেতুটির সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি এ ঐতিহাসিক সেতুটির সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সেতুটির সংস্কার কাজ পরির্দশন করা হয়।
সংস্কার কাজ পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, ‘সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমুদ্ধ। সোনারগাঁয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের প্রত্ন সম্পদ। এগুলোকে সংরক্ষণ ও সংস্কার করা জরুরী। পাশাপাশি এ প্রত্ন সম্পদগুলোর ওপর গবেষণা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষন করা দরকার। তবে আমাদের কমিটিসহ যারা সোনারগাঁয়ের প্রত্ন সম্পদ সংরক্ষণে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া সরকারকে ধন্যবাদ জানাই দেরীতে হলেও এ সেতুটির সংস্কার কাজ শুরু করেছেন।’
পরিদর্শন দল সংস্কার কাজ পরিদর্শন করে তাদের প্রতিক্রিয়ায় জানান, মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু সংস্কার কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ করা গেছে। এ সেতুর পিলারের নিচে কোন ধরনের সংস্কার করা হচ্ছে না, যা সেতুটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া এ সেতুটি যে প্রক্রিয়ায় সংস্কার করার কথা সে প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না। সেতুটির স্থায়িত্ব বৃদ্ধির জন্য যথাযথ সংস্কার প্রক্রিয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরির্দশনকারীরা।
পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষনা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান ও সংগঠক রোকেয়া আক্তার প্রমূখ।