মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ১৯তম প্রযোজনা ‘গোলামি ডট কম’-এর প্রদর্শনী
গত ১২ জুন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ১৯তম নাট্য প্রযোজনা ‘গোলামি ডট কম’-এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং অপরটি জাতীয় জাদুঘরের সামনে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এ এস এম কামাল উদ্দিন।
নাটকটিতে প্রস্তাবিত মার্কিন-বাংলাদেশ চুক্তির বিভিন্ন দিক সমালোচনামূলকভাবে উপস্থাপন করা হয়। কাহিনি, সংলাপ ও নাট্যরূপের মাধ্যমে তুলে ধরা হয়, এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন নাটকের মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে।
দুই প্রদর্শনীতেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ দর্শক উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু বলেন, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে গণমুখী সাংস্কৃতিক আন্দোলন ও নাট্যচর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।