https://www.a1news24.com
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা আলমগীর

ঠাকুরগাঁও: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বের হবার সময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’

মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করতে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।

আরো..