https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬

ভারতের প্রত্যাশা, দ্বিপক্ষীয় সব চুক্তির প্রতি বাংলাদেশ যথাযথ সম্মান দেখাবে

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সব চুক্তির প্রতি বাংলাদেশ যথাযথ সম্মান দেখাবে বলে আশা করছে নয়াদিল্লি। গতকাল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে চলতি মাসের মাঝামাঝি সময় নয়াদিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করি, পারস্পরিক সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে।কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি।’

জয়সওয়াল বলেন, ‘প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন সব চুক্তির প্রতি সম্মান রাখা হবে বলে আশা করি।’

সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি ‘অসম’ বলে সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে।

এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করে।’
সম্প্রতি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আশপাশের সব বিষয়ে আমরা সর্বদা কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নিই।’ এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে একটি অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরো..