‘A Poem, A Revolution’ প্রতিপাদ্যে কবিতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের উৎসব
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব কবিতা দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স’ ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘A Poem, A Revolution’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে শুরু হবে। সকাল ১০টা ১৫ মিনিটে অতিথিদের আগমন ও আসন গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন এগিয়ে যাবে।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রধান অতিথিকে অনুষ্ঠান উদ্বোধনের আহ্বান জানাবেন। স্বাগত বক্তব্য রাখবেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক।
অনুষ্ঠানে কবি পারভেজ হোসেন কবিতা আবৃত্তি করবেন এবং রাইটার্স’ ওয়েব বাংলাদেশের সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম।
এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকীর স্মৃতির প্রতি। এ উপলক্ষে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মারক পাঠ ও স্মৃতিচারণ করবেন তার কন্যা ড. তাসনিম সিদ্দিকী।
প্রথম পর্বে রাইটার্স’ ওয়েব বাংলাদেশ’র সভাপতি আব্বাস ফারুক সভাপতিত্ব করবেন। সাধারণ সম্পাদক তালুকদার লাভলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বক্তব্য প্রদান করবেন। এ সময় একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান এবং উত্তরীয় পরানোর আয়োজনও থাকবে।
সভাপতির বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুপুর ১২টা ১৫ মিনিটে উদ্বোধনী পর্বের সমাপ্তি হবে।
দিনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাইটার্স’ ওয়েব বাংলাদেশ’র সভাপতি আব্বাস ফারুক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আহমদ রেজা ও অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সাধারণ সম্পাদক তালুকদার লাভলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এ আয়োজনে থাকবে দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।
তাদের মতে, কবিতার মাধ্যমে শান্তি, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আন্তর্জাতিক আয়োজনের মূল উদ্দেশ্য। দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।