https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৮

বিশ্বব্যাংকের সতর্কবার্তা: যুদ্ধ ছড়িয়ে পড়লে ২০% বাড়তে পারে খাদ্যহীন মানুষের সংখ্যা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে-এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করে বলেছেন, এতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা এক লাফে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

ইন্দারমিত গিল বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি আরও বিস্তৃত হয়, তবে খুব অল্প সময়ের মধ্যেই এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, সম্ভাব্য এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং দুর্বল রাষ্ট্রব্যবস্থার দেশগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এসব দেশে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

বর্তমান খাদ্য সরবরাহ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাজারে এখন যে খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে, তা মূলত আগে উৎপাদিত। ফলে তাৎক্ষণিক প্রভাব তেমন দৃশ্যমান না হলেও, যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী কয়েক মাস পর থেকে তীব্রভাবে অনুভূত হতে শুরু করবে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত একটি বড় ধরনের বৈশ্বিক মানবিক সংকটে রূপ নিতে পারে। সূত্র: আল-জাজিরা

আরো..