https://www.a1news24.com
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭

বিরামপুরে বাস চাপায় সাংবাদিকের স্ত্রী নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর টাটকপুর মহাসড়কের উপর হানিফ পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী সেলিনা বেগম (৪৫) নিহত হয়েছেন। তিনি পত্রালাপ পত্রিকার হাকিমপুর প্রতিনিধি তৌহিদুর রহমান রানার স্ত্রী এবং জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ জানায়, ওই শিক্ষিকা তার সহযাত্রীদের নিয়ে সিএনজিতে করে চিরিরবন্দর আবাসিক স্কুলে তার মেয়েকে রেখে হাকিমপুর ফিরছিলেন। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে বিরামপুর টাটকপুর মহাসড়কের উপর হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে সেলিনাসহ চালক ও অন্যান্য যাত্রীরা আহত হন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সেলিনাকে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন এবং হাকিমপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, দূর্ঘটনা কবলিত সিএনজি ও ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো..