সরকার গণভোটের রায় না মেনে জনগণের রায়ের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭০ সালে নির্বাচনে জনগণের রায় যেমন পাকিস্তানিরা মেনে নেয়নি, তেমনি ২০২৬ সালের গণভোটের রায়কেও বিএনপি মানছে না। তাই ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে গণভোটের রায় বাস্তবায়নে সকল আন্দোলন সংগ্রামে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব আউয়াল কলেজ রোডে কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডাঃ ইরান বলেন, বিগত ৫ আগস্ট ইনসাফের বাংলাদেশ গড়তে জনগণ গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল। অর্থবহ পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে। কিন্তু বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এজন্য বিএনপিকে ভয়াবহ খেসারত গুনতে হবে।
লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের সংকট, বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনগণ রাজপথে নামলে নতুন ইতিহাস রচিত হবে।
কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মোঃ আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মহানগর সদস্য মোঃ রাজু বেপারী, গোলাম আজম ও থানা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান ও মহিলা সম্পাদিকা মিসেস সাবলি ইসলাম স্বপ্না সহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আজাদকে সভাপতি ও মোঃ আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি