https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৭

বিএনপির প্রার্থী মোবাশ্বেরের নির্বাচনে বাধা নেই, মঞ্জুরুলের আপিল খারিজ

অনলাইন ডেস্ক: কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।একই সঙ্গে বিএনপির অপর প্রার্থী কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তিনি নির্বাচন করতে পারবেন না।

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

কুমিল্লা-১০ আসনে গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে-এমন অভিযোগ তুলে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। গত ২২ জানুয়ারি হাইকোর্ট সে রিট সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান তার প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

আরো..