https://www.a1news24.com
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪

বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয়ু- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

স্টাফ রিপোটার, বাগেরহাট: বাগেরহাটের রামপালে বিনামূল্যে ১০০ জন রোগীকে ক্যান্সার চিকিৎসার প্রতিশ্রতি দিয়ে অঞ্চলটিতে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। শনিবার (১০ অক্টোবর ২০২৬) রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে আয়োজিত ক্যান্সার স্ক্রীনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ সেলিম রেজা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ এস এম মাহবুব হক,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী,সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল সহ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ, তবে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। আমাদের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশ্বমানের আধুনিক ক্যান্সার চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। প্রাথমিক পদক্ষেপে আমরা রামপালের ১০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদান করব। ভবিষ্যতে এই রামপালের মাটিতেই যেন একটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সমন্বিতভাবে কাজ করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে ক্যান্সার স্ক্রীনিং ও প্রাথমিক শনাক্তকরণ সেবাকে পৌঁছে দেওয়া বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার এই রূপকল্প ও মানবিক উদ্যোগ বাগেরহাটসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রীনিং) ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সুবিধা কেন্দ্র গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানান।

আরো..