স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। শুক্রবার দিবাগত রাত ১২টায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্থাবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
পরে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী শ্রদ্ধা জানান।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,বাগেরহাট প্রেসক্লাব,সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।