https://www.a1news24.com
,

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

বাংলাদেশসহ ১৪ দেশ ও বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর। বাংলাদেশসহ বাকিদের ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ। খবর বিবিসির।

আলোচিত ‘সেকশন ৩০১’-এর আওতায় আট মাসব্যাপী তদন্ত শেষে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়। তবে আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর কোনো শুল্ক আরোপের প্রস্তাব দেয়নি ইউএসটিআর।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) মার্কিন ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে দেশভিত্তিক সুনির্দিষ্ট শুল্কহার প্রকাশের কথা ছিল।

ওই কর্মকর্তা অভিযোগ করেন, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার জন্য দায়ী দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হয়েছে। এই দেশ ও বাণিজ্যিক অংশীদাররা মার্কিন বাণিজ্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা হলো এমন একটি পরিস্থিতি, যেখানে দেশগুলো ‘চাহিদা ও বাজার নীতির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে উৎপাদন ও সক্ষমতা বাড়াচ্ছে’।

অপর এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা পণ্যের ওপর প্রস্তাবিত এই ২০ শতাংশ ‘অতিরিক্ত-সক্ষমতা’ শুল্ক ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। এদিকে জোরপূর্বক শ্রম-বিরোধী আইন নিয়ে শিথিলতার অভিযোগে জুলাইয়ে ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবিত এই শুল্কগুলো তার ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে না।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলোতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, নতুন এই শুল্ক তা অতিক্রম করবে না।

আরো..