https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭

ফরিদপুরে চাঁদা না দেওয়ায় কৃষকদল নেতার ওপর হামলা, হোটেল ভাঙচুর-লুটপাট

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ী ও স্থানীয় কৃষকদল নেতার ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন আমিন শরীফ (৫৫), যিনি ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি এবং ওই এলাকার একটি আবাসিক হোটেলের মালিক।

রোববার (১৯ এপ্রিল) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলায় প্রবেশ করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলের আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে।

পরবর্তীতে হামলাকারীরা আমিন শরীফকে হোটেলের ছাদে নিয়ে গিয়ে চাপাতি, রড ও পাইপ দিয়ে আঘাত করে। এ সময় তার বাম হাত গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলাকারীরা তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় কৃষকদল নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আলিপুর এলাকার দুই ভাই তমাল (৩০) ও মাহমুদ (৩৫)-সহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো..