https://www.a1news24.com
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দিপক শহরে আগামী ২ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও ২০২৬)এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজনটি ইন্দোনেশিয়ায় ২০০৩ সালে আসিয়ান গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (AMSO) নামে যাত্রা শুরু করে, ২০১১ সাল থেকে এটি আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারিত হয়ে বিভিন্ন দেশে আয়োজিত হয়ে আসছে। ২০২৫ সালে মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অনুষ্ঠিত ২২তম আসরে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়েই শতভাগ সাফল্য পায়, দলের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জেতেন, যার মধ্যে ছিল ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ।

এবারের বাংলাদেশ গণিত দলে রয়েছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অরিজিৎ সাহা, মোঃ নবীহ হোসাইন, ইহান আবরাদ রহমান, মোঃ সামিন সাইফ, ইরতিশ জায়েদ লিয়াম, শারাফ বিন আনোয়ার, আলী ওমর ও মোঃ শাহিদ মোরসালিন। বিজ্ঞান দলে আছেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ হাসান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায় গল্প, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের রাইয়ান আফরাদ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাহাবী ইবনে কাব্য, সিরাজগঞ্জের বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের রাফসান শফিক তালুকদার, বাসিরাহ ইন্টারন্যাশনাল স্কুলের আরহাম আবিদ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের মোঃ মিফতাহুল ইসলাম এবং এ.জি. চার্চ স্কুলের মোহাম্মদ মুশরিফ আলম। এদের মধ্যে অরিজিৎ সাহা ও তাহমিদ হাসান গতবার মালয়শিয়ায় রৌপ্যপদক জয়ী দলের সদস্য ছিলেন, নিজেদের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে এবার তারা আবার ফিরছেন।

এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য দল বাছাই করা হয় বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও ২০২৬)এর মাধ্যমে। গত ৮ আগস্ট দেশের চারটি অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে একযোগে অনুষ্ঠিত হয় এর জাতীয় পর্ব, যেখানে অংশ নেয় প্রায় ১০০০ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্যাম্প আয়োজনের পর ২১ ও ২২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত দল নির্বাচনী পরীক্ষা (টিএসটি), যেখান থেকে গণিত ও বিজ্ঞান বিভাগে ৮ জন করে মোট ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয় চূড়ান্ত বাংলাদেশ দল। নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে গত ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় তিন দিনের আবাসিক প্রস্তুতিমূলক ক্যাম্প, যেখানে হাতেকলমে পরীক্ষাগার অনুশীলন ও সমস্যা সমাধানের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রস্তুতি শেষে দলটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আগামী ১ অক্টোবর, প্রতিযোগিতা শেষে দেশে ফিরবে ৯ অক্টোবর।
আইএমএসও ২০২৬এ বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকছেন বিডিওএসএনের সভাপতি ও আইএমএসও বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর মুনির হাসান। সঙ্গে সহকারি দলনেতা হিসেবে রয়েছে মোঃ তানভীরুল ইসলাম, বিজ্ঞান মেন্টর মিম নাজ রহমান ও গণিত মেন্টর সামিরা সুমাইয়া। বিডিএমএসওর লক্ষ্য নিয়ে মুনির হাসান বলেন, “আমাদের লক্ষ্য কেবল মুখস্থ বিদ্যা নয়, বরং খুদে শিক্ষার্থীদের মাঝে গণিত ও বিজ্ঞানের আনন্দ ছড়িয়ে দেওয়া, তাদের অনুসন্ধিৎসু মন তৈরি করা এবং যৌক্তিক চিন্তা করার সক্ষমতা বাড়ানো।”

বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি, রিফ্লেকটিভ টিনস, শৈশব ও নিত্য উপহার। ইন্দোনেশিয়ায় ২৩তম আইএমএসওর আয়োজক ম্যাথমেটিক্স এডুকেশন ক্লিনিক, ইন্দোনেশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়।

আরো..