পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তা চিরঞ্জিত মন্ডলের মা ভগবতী মন্ডল (৫৫) হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার নতুন বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা ইমরান হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, শিক্ষক অসিত বরণ মন্ডল, বিকাশ সরকার, বরুণ রায়, মিতালী মল্লিক, স্বপন রায়, মীরা মন্ডল, শংকরী রাণী সরকার, মিলন মন্ডল, রিম্পা মন্ডল, প্রভাতী মন্ডল, ও বিনয় কৃষ্ণ ঢালী।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পুলিশ কর্মকর্তার মায়ের মতো একজন নিরীহ নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে দুর্বৃত্তরা ভগবতী মন্ডলকে তার নিজ বাড়িতে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে পুলিশ কর্মকর্তা চিরঞ্জিত মন্ডল বাদি হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।