https://www.a1news24.com
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টানা অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ, উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্রের কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্যসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্গত মানুষের জন্য দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেন তিনি।

তিনি বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কেউ যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন তিনি।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এছাড়া রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানানো হয়। এসব তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রস্তুতি নিশ্চিত করে জনগণের পাশে থাকার নির্দেশ দেন।

আরো..