https://www.a1news24.com
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৪

পলাশীর প্রান্তরে নবাব সিরাজের বীরত্বই ইতিহাসের মহানায়ক বানিয়েছে : ডাঃ ইরান

পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলার বীরত্ব পূর্ণ ভুমিকাই তাকে ইতিহাসের মহানায়ক বানিয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ইতিহাসের নায়করা কখনো আত্মসমর্পণ করেনি, বরং সংগ্রাম ও প্রতিরোধের মাধ্যমে বিজয় অর্জন করেছে।

তিনি বলেন, পলাশীর প্রান্তরে মীর জাফর ও ঘসেটি বেগমদের বিশ্বাসঘাতকতার কারণেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পতন হয়েছিল। তাই ইতিহাসে নবাব সিরাজের নাম বীরত্বের প্রতীক হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, আর মীর জাফরের ইতিহাস বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ ইরান বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিম জনগোষ্ঠীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তিনি মন্তব্য করেন, নেহেরু ও গান্ধীর জন্ম না হলেও ভারত স্বাধীন হতে পারত; তবে জিন্নাহর জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হতো না। তিনি আরও বলেন, পাকিস্তান প্রতিষ্ঠিত না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মও সম্ভব হতো না এবং পূর্ববঙ্গের রাজনৈতিক পরিণতি পশ্চিমবঙ্গের হায়দারাবাদ বা কাশ্মীরের মতো।

লেবার পার্টি ঢাকা মহানগরের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, পঞ্চগড় জেলা সভাপতি মোঃ ফেরদাউস আলম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, ডাঃ ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মহানগর সদস্য মোঃ রাজু বেপারী, শফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

আরো..