নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে অংশ নিতে যেকোনো সময় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুঞ্জন ছিল আজ বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে মাধ্যমে তিনি পদত্যাগ করবেন। কিন্তু না, বিকেলে সচিবালয়ে তিনি সংবাদ সম্মেলন করলেও পদত্যাগের ঘোষণা দেননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তিনি নির্বাচন করবে এটা চূড়ান্ত, কিন্তু কখন তিনি পদত্যাগ করবেন তা তিনি এখনই বলতে চান না। তিনি জানান, তার পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে তৎকালীন সরকারের নির্বিচার হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সংগঠক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তিন মাস পর উপদেষ্টা হন মাহফুজ আলম। তারা সবাই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন।