বিনোদন ডেস্ক: জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেতা। সিনেমা মুক্তির আগে এর প্রচার নিয়ে একটি মন্তব্য করে অবশ্য আলোচনায় এসেছেন জিৎ। তার সেই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন দেবের ভক্তদের একাংশ।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, আগামী ১৪ আগস্ট দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ায় একই দিনে দুই তারকার সিনেমার মুখোমুখি লড়াই আর হচ্ছে না। সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার প্রচারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেব যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার প্রচার করেন, সেটি তার ভালো লাগে। এ ক্ষেত্রে দেবের অনেক শক্তির জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে একইভাবে নিজে প্রচার করতে আগ্রহী নন জিৎ। তার ভাষায়, ‘আমাকে সব জায়গায় গিয়ে প্রচার করতে হবে, এতে আমি বিশ্বাস করি না। প্রয়োজনও মনে করি না।’
জিতের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দেবের ভক্তরা। কেউ দেবের প্রচারণার প্রশংসা করে জিতের মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাকে কটাক্ষও করেছেন। একজন লিখেছেন, দেবকে দেখে এখন পুরো ইন্ডাস্ট্রি প্রচারের কৌশল শিখছে। আরেকজন জিতের সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করেছেন।
প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাটি তৈরি হয়েছে চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে ঘিরে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। জীবনের নানা ঘটনার কারণে অনন্ত সিংকে কেউ বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যা দিয়েছিলেন। সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ছবিতে তাঁকে নয়টি ভিন্ন লুকে দেখা যাবে। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও চন্দন সেন।