https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮

দুর্বল ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দুর্বল ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না।’ আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও নাগরিক সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, “আগামী সরকারকে অবশ্যই শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে। ম্যান্ডেট দুর্বল হলে অনেক প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না।” তিনি আরও বলেন, শক্তিশালী ম্যান্ডেট পেতে হলে জনসমর্থনের বিকল্প নেই।

নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা—এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিগত সময়ে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে উল্লেখ করে দুর্নীতির লাগাম টেনে ধরার ওপর জোর দেন তিনি। এ কাজে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদের এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত হয় না। দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজধানীর যানজট সমস্যা প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রতিদিন যানজটের কারণে বিপুল পরিমাণ অর্থ, সময় ও শ্রম নষ্ট হচ্ছে, যা দেশকে পিছিয়ে দিচ্ছে। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় তিন কোটির কাছাকাছি উল্লেখ করে তিনি বলেন, বিপুল জনগোষ্ঠীর স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচলের জন্য কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

পানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং মেঘনা নদীও ঝুঁকির মুখে। এসব সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কার্যকর পরিকল্পনা গ্রহণের কথা বলেন তিনি।

শিক্ষা ও ক্রীড়া খাতে পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিকল্পনার অন্তত ৪০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। শুধু শাস্তি দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের কর্মসংস্থান, নারী শিক্ষা ও ফ্যামিলি কার্ডের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। একই সঙ্গে কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক থেকে মাঝারি কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে জনগণের প্রকৃত সমস্যা বোঝা যায় না। যানজট, দ্রব্যমূল্য ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলো যেন মানুষ স্বাভাবিক হিসেবে মেনে না নেয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. বোরহান উদ্দিন খান।

আরো..