ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতিক্ষা এবং নির্যাতনের পর আজ বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।’
আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, ‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি।
যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। এবং আমাদের কৃষকদের যে সমস্যা সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।