রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়ার আয়োজনে অংশ নেন তিনি। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের, সূচনা হয়েছে দেবীপক্ষের।
মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা।এরপর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন রাখা হয়।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়।এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
মহালয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ অনেকে।