https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কি.মি. দীর্ঘ যানজট

বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এশিয়ান হাইওয়েতে সড়ক খারাপ ও গাড়ি নষ্ট এবং যানবাহনের ধীরগতিসহ একাধিক কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার সকাল ৮টার পর থেকে এমন যানজট দেখা যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানজট লক্ষ্য করা গেলেও, পরে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করে।

স্টার লাইন পরিবহনের যাত্রী আবুল হোসেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৩ মিনিটের রাস্তা কাঁচপুর যেতে সময় লেগেছে ১ ঘণ্টা। মহাসড়কে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানজটে পড়ে।’

হানিফ পরিবহনের বাসচালক মো. মনির বলেন, ‘সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে এবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ ভোগান্তি সৃষ্টি হয়।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর সমকালকে বলেন, ‘যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত, মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়েতে সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এর কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।’

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ধীরগতি ও গাড়ি বিকল হওয়াসহ একাধিক কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে আমরা মহাসড়কে যানজট নিরসনে সবাই কাজ করছি।

আরো..