https://www.a1news24.com
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২

ঢাকায় আইএলও মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। রোববার (১৯ জুলাই) সকালে তিনি ঢাকায় আসেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথম দিন রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও মহাপরিচালক। এছাড়া সোমবার (২০ জুলাই) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশে শ্রম অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইএলওর সঙ্গে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন গিলবার্ট হোংবো। ওই বৈঠকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দেশে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম খাতের উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন। জবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন।

আরো..