রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মিল নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের নিয়মিত অপরাধ পরিসংখ্যান ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণে রাজধানীর অপরাধ পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। তার দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের তথ্য অনুযায়ী অপরাধের প্রবণতা কমেছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং কর্মক্ষেত্রের চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর থানাগুলোর অফিসার্স মেস ও ফোর্স ব্যারাক আধুনিকায়নের কাজও চলছে।
পুলিশ সদস্যদের আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ব্যক্তিগত সমস্যাও অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।