https://www.a1news24.com
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬

ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে উইমেন ফর উইমেন রাইটস’র আর্থিক সহায়তা

উইমেন ফর উইমেন রাইটস সংস্থার উদ্যোগে ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার। তিনি বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি এ ধরনের উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সামিয়া বেগম চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান, তবে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামসুন্নাহার সুমা, জেসমিন আক্তার, সামসুন্নেছা খানম ও নুরজাহান আক্তার। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেন এবং সমাজের সচেতন মানুষদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে উপস্থিত অতিথিরা ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো..