https://www.a1news24.com
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু-এর সভাপতিত্বে এবং ডা. হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং আনোয়ারা মতিন একাডেমি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মেহেদী হাসান আলিফ, বিজয় মিয়া, কবি মুন্নি আক্তার, ছড়াকার আব্দুল কাদির জীবন, নাট্যাভিনেতা ও সংগঠক কামাল আহমদ, নিশাত করিম, মারুফ আহমদ, মো. নাফি, হামজা করিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র, ক্রেস্ট এবং মূল্যবান বই তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে উৎসাহিত করতে আলোর অন্বেষণের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-পরবর্তী গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও আলোর অন্বেষণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।-বিজ্ঞপ্তি

আরো..