প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত ওই পরিপত্রে বলা হয়েছে, দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে যথাযথভাবে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একই পরিপত্রে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্তও জানানো হয়েছে। তবে এ দিবসে সরকারি ছুটি থাকবে না।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘ সময় পর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হলেও সেটি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়।