https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭

জনগণের স্বার্থে মাইক্রোস্কোপের চোখে দেখুন, সাংবাদিকদের বললেন সেতুমন্ত্রী

স্টাফ রিপোটার,বাগেরহাট: জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের দায়িত্বশীল, পেশাদার ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, “আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।” সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। তবে অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

সেতুমন্ত্রী বলেন, “ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ব ও দেশপ্রেমে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও কর্তৃপক্ষকে বাধ্য করার জন্যই সাংবাদিকতার জন্ম।”

শেখ রবিউল আলম বলেন, সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদিকরাও তাঁদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবেন। সেই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। সরকার নিজেদের শুধরে নিতে চায় এবং সেই প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা দেখতে চায়। “আমরা হাতে হাত রেখে একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চাই—এটাই এই সরকারের নীতি।”

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করার উদ্যোগ নেবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এর আগে সকালে বাগেরহাটের দশানী এলাকায় দশানী-রামপাল মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতুমন্ত্রী। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

পরে তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন সেতুমন্ত্রী। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

আরো..