প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত দেশের অন্যতম বৃহৎ মেধা যাচাইয়ের প্রতিযোগিতা বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬-এর জাতীয় পর্ব আজ শনিবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে একযোগে অনুষ্ঠিত হয়েছে। চার শহরের প্রায় আটশ প্রতিযোগীর মধ্য থেকে ১৮০ জন বিজয়ী নির্বাচিত হয়েছে।
ঢাকার পর্বটি অনুষ্ঠিত হয় মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে ৫৫২ জন শিক্ষার্থী অংশ নেয়, বিজয়ী হয় ১২৮ জন। চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম পর্বে ১১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হয় ২৭ জন। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছে।
প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হয়, অলিম্পিয়াড ও কুইজ। অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞান দুটি বিষয়েই অংশ নেওয়ার সুযোগ ছিল। সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের রিপোর্টিং শুরু হয় এবং সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা।
পরীক্ষা শেষে ঢাকার আয়োজনে ছিল দিনভর নানা আয়োজন। সুমোবট ফাইট, পাপেট শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। বিকেল ৩টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয় এবং বিকেল ৪টায় বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরবর্তী ধাপ নিয়ে দিকনির্দেশনামূলক অধিবেশন। চট্টগ্রাম, রংপুর ও সিলেটে পরীক্ষা শেষে অ্যাক্টিভিটি সেশনের পর দুপুর ২টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।
বিজয়ীদের নিয়ে আগামী ১১ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। গণিতের দল নির্বাচনী পরীক্ষা হবে ২১ আগস্ট এবং বিজ্ঞানের পরীক্ষা ২২ আগস্ট।
এই ধাপগুলো পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হবে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল। আগামী ২ থেকে ৭ অক্টোবর ২০২৬ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে ২৩তম আইএমএসও। গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জেতে।
বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি ও রিফ্লেকটিভ টিনস।
আয়োজন ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bdmso.org ওয়েবসাইটে।
বিজয়ীর অনুভূতি
সিলেটে জাতীয় পর্বের একজন বিজয়ী হবিগঞ্জ বানিয়াচং থানার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, এরকম অলিম্পিয়াডে এটা তার প্রথম অংশগ্রহণ। তার অসাধারণ অভিজ্ঞতা অর্জিত হয়েছে। সে পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। পরবর্তী ধাপগুলোর জন্য সে অনেক উৎসাহী।
তার বাবা শেখ আবুল মনসুর আহমদ বলেন, “আমরা কল্পনাও করতে পারিনি এতো দূর থেকে এসে, সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী হিসেবে আমার মেয়ে পুরস্কার পাবে। এতে বুঝা যায়, অলিম্পিয়াডের রেজাল্ট প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ। আর অলিম্পিয়াডে বাচ্চাদেরকে যেসমস্ত গিফট দেয়া হয়েছে সেগুলো খুবই ভাল লেগেছে। বাচ্চারা এগুলো পেয়ে খুবই খুশি হয়েছে। আয়োজকরা খুবই আন্তরিক ছিল। তাঁদেরকে অনেক ধন্যবাদ জানাই।”