https://www.a1news24.com
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে শুরু হয় এই পাবলিক পরীক্ষা। এবছর দেশের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিল পরীক্ষার্থীদের জন্য কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনাল শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হলেও যানজট ও ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়।

এ বিষয়ে আগের দিন এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, “অতীতে প্রশ্নফাঁস রোধে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত থাকলেও এবার তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”

তার ভাষায়, কোচিং সেন্টারগুলো কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান নয় এবং এগুলোর কোনো অফিসিয়াল তালিকাও সরকারের কাছে নেই।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

আরো..