https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৪

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: সেই কিশোরের জামিন নাকচ

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমের নিহতের মামলায় ১৭ বছরের সেই কিশোরের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার শিশু আদালত -৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আদালত শুনানি নিয়ে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

বিচারক বলেন, “এই ঘটনায় সে (কিশোর) দ্রুততম সময়ে বের হয়ে গেছে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে। আর শিশুদের জন্য এটা পজিটিভ ম্যাসেজ হবে।” রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন এ তথ্য দিয়েছেন।

রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে মঙ্গলবার বিকালে ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ২৪ বছর বয়সি মেহেদী হাসান মিমকে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গাড়িচাপার ঘটনায় মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় ওই কিশোরের পরিবারের নিয়মিত গাড়িচালক আকাশ মারককে আসামি করা হয়। কিন্তু সেখানে চালকের আসনে থাকা সেই কিশোরের নাম ছিল না।

বিষয়টি নিয়ে সমালোচনার পর বুধবার ওই কিশোরকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তাকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরেফীন ইসলাম।

আরো..