https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯

‘গাছে ঝুলিয়ে দেব’ মন্তব্যের জেরে কর্মকর্তাকে অব্যাহতি, হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ

খুলনায় জনসম্মুখে নিজের অধীনস্থ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) ‘গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া’ এবং ‘জনগণকে দিয়ে পিটিয়ে মারার’ বিতর্কিত মন্তব্য করে তীব্র তোপের মুখে পড়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। এই ঘটনার জেরে তাকে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে যুক্ত (রিপোর্ট) করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি কেএমপির লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা। সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার আশ্বাস দিতে গিয়ে তিনি বলেন, “কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।”

তার এই বক্তব্যের ভিডিও ও খবর প্রকাশ্যে আসতেই পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। শনিবার রাতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ) এক বিবৃতিতে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সংগঠনটি উল্লেখ করে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন মন্তব্য পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।

অফিস আদেশে শাস্তিমূলক এই বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও, পুলিশ সদর দপ্তরের সূত্র নিশ্চিত করেছে যে ওই বিতর্কিত বক্তব্যের জেরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ২১ জুনের মধ্যে স্টেশন ত্যাগ করতে হবে এবং অবিলম্বে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে।

আরো..