https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮

কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক; দেশের কোনো প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ‘চেষ্টা কঠোরভাবে প্রতিহত’ করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ”অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।“

বিবৃতিতে কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িসহ সারাদেশে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের মধ্যে এই বিবৃতি দিল প্রধান উপদেষ্টার কার্যালয়।

বিবৃতিতে বলা হয়, ”অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখে দাঁড় করাবে।”

এর আগে বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

সেখানে হামলার ঘটনাকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’অভিহিত করে বলা হয়, “পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধ সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে।”

আরো..