কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৩ জুন) ভোরে দেয়া কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ঘটেনি। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল ‘শত্রুদের’ ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ।
এদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর এই বিবৃতি প্রকাশের কিছুক্ষণের মধ্যে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় কুয়েতের বিবৃতিকে ‘হাস্যকর’ উল্লেখ করেছে।
আইআরজিসি বলেছে, “আমাদের কাছে প্রমাণ আছে যে কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”
এর আগে গত সোমবার (১ জুন) কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছিল। তবে তাদের দাবি, ‘ইরান থেকে নিক্ষিপ্ত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকে দেয়া হয়েছে।”
এদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে। তবে দেশটির সেনবাহিনী এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।
মঙ্গলবার মাঝরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরের ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রতিবেদনের কিছুক্ষণ পরেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি।
সূত্র : সিএনএন