কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিক বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহবান জানান তারা।
সমাবেশে রংপুর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, উপজেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোসাব্বির, সদস্য সচিব কোয়েল আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আপেল মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।